বিপুল মিয়া, ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ফুলসাগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
