নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচ নারী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

