ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভাষা লেখক জাদুঘর প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় উপজেলার বঙ্গভাষা লেখক জাদুঘরের কালচারাল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার পাশাপাশি দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়।
ফুলবাড়ী সংস্কৃতি কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং বঙ্গভাষা লেখক জাদুঘরের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাদুঘর চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় আরও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার এবং লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গভাষা লেখক জাদুঘর ও ফুলবাড়ী সংস্কৃতি কল্যাণ ট্রাস্টের পরিচালক অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া, গীতিকার তৌহিদুল ইসলাম পাঠাগারের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বিনোদ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলসহ স্থানীয় সুধীজন।
আলোচনায় বক্তারা ফুলবাড়ীর প্রত্যন্ত এলাকায় বঙ্গভাষা লেখক জাদুঘর ও গীতিকার তৌহিদুল ইসলাম পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা প্রতিষ্ঠান দুটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং শারদীয় উৎসব আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার, উপস্থাপক ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পীসহ বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর শুরু হওয়া এ সাংস্কৃতিক পরিবেশনা রাত পর্যন্ত চলে।






