ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন /
ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নাওডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছয়ফুল বেগম (৫৫) ওই এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ছয়ফুল বেগম। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই তিনি একাকী জীবনযাপন করছিলেন। অসুস্থতার কারণে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন এবং এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পরিবারের অজান্তে শনিবার ভোর রাতে নিজ ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে দুপুরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।