হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী


ছেলের মাদকাসক্তিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা। কুড়িগ্রামের ফুলবাড়ীতে রহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায় এ ঘটনা ঘটে। রহিদুল ওই এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, রহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িয়ে পড়েন। মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন এবং মাদক কেনার টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। তাঁর আচরণে পরিবার ও আশপাশের মানুষজনও বিরক্ত ছিলেন।

বুধবার দুপুরে মাদক সেবনের সময় স্থানীয়রা রহিদুলকে আটক করেন। পরে তাঁর বাবা-মাকে খবর দেওয়া হলে তাঁরা ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করতে সম্মতি দেন।

পুলিশ তাঁকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নেয়। সেখানে তাঁর কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রহিদুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম জানান, মাদক সেবনের কারণে রহিদুলের পরিবার দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে ছিল। মাদকের টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের রায়ের পর বুধবার বিকেলে রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, মাদক সেবনের অপরাধে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Exit mobile version