বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা বহনের অভিযোগে রুবিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রুবিনার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত বোরকার ভেতরে পলিথিন ও টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
আটক রুবিনা ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল (বিডিআর বাজার) এলাকার মিনহাজুলের স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
