হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে সেচ দেওয়ার জন্য ছেলের শয়নকক্ষ থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটর স্থাপন করছিলেন ইউনুস আলী। এ সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তার তার পেটের বাম পাশে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version