ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলী পচার স্ত্রী।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শাফিয়া বেগম বাড়ির সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
বুধবার সকালে তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোঁপার কুড়া নামের বিলে স্থানীয়রা ওই নারীর পায়ের জুতা দেখতে পান। পরে আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে বিলের কচুরিপানার নিচ থেকে শাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

