হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

সোমবার (১৭ আগস্ট) ফুলবাড়ী উপজেলা পরিষদের ফটকের সামনে বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেকলীর বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য লাইলী বেগম, ইলিয়াছ হোসেন ও সমাজসেবক খয়ের উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, প্রতিবছর ধরলা নদীর ভাঙনে নদীপাড়ের মানুষের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবারকে বারবার ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। চলতি বছরও ফুলবাড়ীর চর মেকলীসহ বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শুধু ভাঙনের সময় জিওব্যাগ ফেলে সাময়িকভাবে নদী ঠেকানোর পরিবর্তে ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের ব্যবস্থা না করা হলে প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হবে। এতে বসতভিটা ও ফসলি জমির পাশাপাশি স্থানীয় সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও হুমকির মুখে পড়বে।

মানববন্ধন থেকে নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Exit mobile version