Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে তেল মজুতের অভিযোগ: ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক ‍নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন

অভিযান সূত্রে জানা যায়, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুত করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেল পাওয়া যায়। পরে বিষয়টি যাচাই-বাছাই শেষে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে তেল মজুত করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসার জন্য লালমনিরহাটে গেলে দোকান বন্ধ ছিল। সেখানে থাকা অবস্থায় তিনি জানতে পারেন তার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। পরে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। জরিমানার টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানে বিপুল পরিমাণ তেল মজুত পাওয়া যায়। ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে মজুত থাকা তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version