বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ. বি. হানিফ, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান এবং বালারহাট ডিএস দাখিল মাদ্রাসার সুপার উমর আলী।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্যসচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুন, জেলাল সরকার, রমজান আলী রনি ও মহব্বত আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জুনাইদুল ইসলাম আদিল ও সহসভাপতি সুজন মিয়াসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
