ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় এলাকায় টহল চলাকালে ফুলবাড়ী থানা পুলিশ প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রায় ১ দশমিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচার শেষে লালমনিরহাট জেলার নয়ারহাট ভাত্রী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফিরোজ হাসান (২৬)-কে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আলমগীর কবির (৪৫)-কে ১০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।






