হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেদওয়ান মাস্টার গ্রেপ্তার

ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেদওয়ান মাস্টার গ্রেপ্তার

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান মাস্টার (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর গ্রামের একটি পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেদওয়ানুর রহমান উপজেলার ভাঙ্গামোড় ব্যাপারীপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি উত্তর নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version