Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ি উপজেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক স্বাধীন সরকারের পদত্যাগ

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক টিম ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেছেন সংগঠক স্বাধীন সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পরে সংগঠনের একাধিক দায়িত্বশীল সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা ফেসবুক পেজ থেকে ফুলবাড়ি উপজেলার সাত সদস্যের একটি সাংগঠনিক টিম ঘোষণা করা হয়। কমিটিতে ছিলেন— রাউফুন ইসলাম রাব্বী, পারভেজ মোশাররব, আরিয়ান রশিদ, তামিম হাসান রিদয়, স্বাধীন সরকার, রেজিম ও জাফর। সংগঠনের মূখ্য সংগঠক খন্দকার আল ইমরানের সুপারিশে এবং আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমানের অনুমোদনে ঘোষিত এ সাংগাঠনিক টিমকে আগামী সাত কর্মদিবসের মধ্যে জেলা দপ্তরে ফুলবাড়ি উপজেলা কমিটি প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

পদত্যাগের বিষয়ে স্বাধীন সরকার বলেন,
“প্রথমত, তারা একটি পরিবারতান্ত্রিক কমিটি ঘোষণা করেছে। দ্বিতীয়ত, তারা আওয়ামী লীগের স্টাইল কপি করে দলটিকে নতুনভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। তৃতীয়ত, সেই কমিটির একজন আমার কাছে এসে আওয়ামী লীগের কাছ থেকে ফান্ড সংগ্রহের প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে বিষয়গুলো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, তাই আমি পদত্যাগ করেছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক বলেন,
“আমরা ফুলবাড়ির প্রতিনিধিদের কার্যক্রম পর্যালোচনা করেই সাংগঠনিক টিম দিয়েছি। আমরা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে এবং কখনোই চাইবো না তাদের পুনর্বাসন হোক। আওয়ামী লীগের কাছ থেকে ফান্ড সংগ্রহের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তি নেই। হয়তো তিনি কাঙ্ক্ষিত পদ বা দায়িত্ব না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন।”

এদিকে কমিটি ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় সংগঠক পদ থেকে স্বাধীন সরকারের পদত্যাগে ফুলবাড়ি উপজেলা শাখায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Exit mobile version