Site icon হামার কুড়িগ্রাম

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল জামায়াত-বিএনপি

মিজানুর রহমান।। নাগেশ্বরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক পৃথক গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসভার বলদিটারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল চলাকালে উপজেলার বিএসসি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, জামায়াতের মিছিলের আগেই বিএনপি তাদের পৃথক গণমিছিল বের করে। ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানার নেতৃত্বে আয়োজিত এ মিছিলে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। নির্বাচনী স্লোগানের মাধ্যমে তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


উভয় দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতীক বরাদ্দের পর প্রকাশ্যে এমন নির্বাচনী কর্মসূচিকে নাগেশ্বরীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা হিসেবে দেখছেন অনেকেই।

Exit mobile version