ডেস্ক রিপোর্ট:
প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর বিধান এনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে।
এই আইনের মূল লক্ষ্য হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন এবং ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।
সংশোধিত অধ্যাদেশ ২০২৫–এর গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন
🔹 তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ
তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে—
- ই-সিগারেট
- Electronic Nicotine Delivery System (ENDS)
- Heated Tobacco Product (HTP)
- নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য
সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেকোনো নতুন পণ্যকে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। পাশাপাশি ‘নিকোটিন’, ‘নিকোটিন দ্রব্য’ ও ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে।
🔹 পাবলিক প্লেসে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ
সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
👉 জরিমানা বাড়িয়ে ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
🔹 বিজ্ঞাপন ও প্রচারণায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা
- প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ
- বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ
- সিএসআর কার্যক্রমে তামাক কোম্পানির নাম বা লোগো ব্যবহার নিষিদ্ধ
- কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে তামাক কোম্পানির আর্থিক সহায়তা নিষিদ্ধ
🔹 শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রি নিষিদ্ধ
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹 ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ
ই-সিগারেটসহ উদীয়মান তামাকপণ্যের—
- উৎপাদন
- আমদানি-রপ্তানি
- সংরক্ষণ
- বিক্রয় ও ব্যবহার
সবই দণ্ডনীয় অপরাধ।
👉 সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
🔹 কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ
কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ির—
- উৎপাদন
- বিপণন
- ব্যবহার
সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল করা হয়েছে।
🔹 আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ
তামাক বা তামাকজাত দ্রব্যের সঙ্গে যেকোনো ক্ষতিকর ও আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
🔹 স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক
- প্যাকেটের ৭৫% জায়গাজুড়ে রঙিন ছবি ও স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক
- স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ
🔹 শাস্তি ও আইন প্রয়োগ আরও কঠোর
- জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ বৃদ্ধি
- কোম্পানির লাইসেন্স বাতিল ও মালামাল জব্দ
- ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনার বিধান সংযোজন

