হামার কুড়িগ্রাম

পুলিশ দেখে ছাদ থেকে লাফ, আহত অবস্থায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে বাড়ির ছাদ থেকে লাফ দিলে তিনি আহত হন। পরে গতকাল বুধবার মধ্যরাতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিনহাজুল ইসলাম আইয়ুব কার্যক্রম নিষিদ্ধ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক পদেও রয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, আইয়ুবের বিরুদ্ধে কুড়িগ্রামে ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত’ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশ বাড়িতে গেলে তিনি পালানোর উদ্দেশ্যে ছাদ থেকে লাফ দেন। এতে তাঁর পায়ে আঘাত লাগে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আইয়ুবকে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় তিনি পালানোর উদ্দেশে বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছিলেন। এতে পায়ে আঘাত পেয়ে তিনি আহত হয়েছেন। আপাতত আদালতকে বিষয়টি জানানো হবে। চিকিৎসা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

পুলিশ জানিয়েছে, চিকিৎসা শেষে মিনহাজুল ইসলাম আইয়ুবকে আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version