মোঃ আবু সাঈদ ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুবাড়ি গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ঢলুবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে খেলতে মাছ ধরতে যায় মুবাশিয়া ও সিয়াম। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরে শিশু দুটির সন্ধান মেলে। স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই ঢলুবাড়ি গ্রামে নেমে আসে শোকের ছায়া। সন্তান হারানোর বেদনায় মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিষ্পাপ দুই শিশুর এমন করুণ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরের পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবার দুটি অত্যন্ত দরিদ্র। তাদের এই অপূরণীয় ক্ষতিতে পুরো গ্রামবাসী গভীরভাবে শোকাহত।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপন কুমার দাস জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তারা মৌখিকভাবে জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।






