Site icon হামার কুড়িগ্রাম

পারিবারিক দ্বন্দ্বে বিষপান, প্রাণ হারালেন পাঁচ সন্তানের জননী

হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে বিষপান করে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহতের নাম ছামিনা বেগম (৪০)। তিনি কচাকাটা ইউনিয়নের ভোটেরহাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর মেয়ে। ছামিনা ছিলেন পাঁচ সন্তানের জননী—তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। পরিবার জানায়, স্বামী আলী আহাম্মেদের (৪৫) সঙ্গে তার দীর্ঘদিনের দাম্পত্য কলহ ছিল। প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

ঘটনার দিন সকালে পারিবারিক সম্পত্তি নিয়ে স্বামী আলী আহাম্মেদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী তার মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে মানসিকভাবে ভেঙে পড়েন ছামিনা। এরপর সকাল ১০টার দিকে ইঁদুর মারার বিষ পান করেন তিনি।

বিষ পান করার পরও কিছু সময় তিনি স্বাভাবিকভাবে কাজকর্ম করলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই, কচাকাটা স্টেশনের কাছে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই কচাকাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version