Site icon হামার কুড়িগ্রাম

পাইকপাড়া প্রিমিয়ার লিগ ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মুহাম্মদ তোফায়েল আহমেদ

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পাইকপাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে পাইলট একাদশ ও বন্ধু একাদশ। রোমাঞ্চকর খেলায় পাইলট একাদশকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বন্ধু একাদশ।

ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য নুরনবী সরকার।

আলোচনা পর্বে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নুরনবী সরকার বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত জরুরি।”

প্রধান অতিথি ওসি নাজমুল আলম বলেন, “তরুণদের মোবাইল আসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলা হতে পারে অন্যতম মাধ্যম। প্রতিটি তরুণকে মাঠমুখী হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই হবে আমাদের হাতিয়ার।”

তিনি উপস্থিত সবাইকে শপথ করান— দেশপ্রেম, খেলাধুলার প্রতি ভালোবাসা, বাবা-মায়ের সেবা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগের অঙ্গীকারে।

শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে স্থানীয় এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Exit mobile version