কুড়িগ্রাম প্রতিনিধি | হামার কুড়িগ্রাম
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারী—এ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেসিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)-এর আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর কারিগরি সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নারী-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদের সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন, পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম রানা এবং উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সম্পাদক মো. শোয়েব আলীসহ অনেকে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কুড়িগ্রামে নদীভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী প্রান্তিক জনগোষ্ঠীকেই এর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানববন্ধন থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অভিযোজন সহায়তা নিশ্চিত, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়।
কর্মসূচিতে কুড়িগ্রাম সিএসও হাব, চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার উইম্যান ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ওক্যান), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা)-কুড়িগ্রাম চ্যাপটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, নারী সংগঠনটি ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীর কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

