Site icon হামার কুড়িগ্রাম

পরিবেশবান্ধব প্রচারণায় ভিন্নতা আনলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। প্রচলিত লিফলেটের পরিবর্তে তিনি ব্যবহার করছেন প্ল্যান্টেবল হ্যান্ডমেইড পেপার (বীজযুক্ত কাগজ), যা পানির সংস্পর্শে বা মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছ জন্ম নেয়।

এই বিশেষ কাগজে দেশীয় বিভিন্ন সবজির বীজ সংযুক্ত থাকে। ফলে প্রচারণা শেষে লিফলেট ফেলে না দিয়ে মাটিতে পুঁতে দিলে অঙ্কুরিত হয় নতুন চারা। অর্থাৎ, একটি লিফলেট ব্যবহারের মাধ্যমেই সৃষ্টি হয় নতুন জীবন—সবুজায়নের পথে এক অনন্য উদ্যোগ।

পরিবেশ সচেতন মহলে ইতোমধ্যেই এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি প্রচারণা কৌশল নয়; বরং পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গড়ার বার্তা বহন করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ও নীতিগত আলোচনায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পানি ও নদী ব্যবস্থাপনার গুরুত্ব বারবার উঠে এসেছে। পরিবেশ উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়—এই দর্শনের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ

পরিবেশ বিষয়ে সংবেদনশীল ও সচেতন মহলের মতে, এই উদ্যোগ রাজনীতিকে ক্ষমতার লড়াইয়ের বাইরে এনে সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Exit mobile version