
মাইদুল ইসলাম মামুন , বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতী বাজারে আবারও সংঘটিত হলো চুরির ঘটনা। দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী না থাকার সুযোগে এবার ক্ষতিগ্রস্ত হলো রোহান টেলিকম ইলেকট্রিক দোকান। প্রায় দুই লক্ষ টাকার মালামাল লোপাট হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ২১ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চোরের দল দোকান থেকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন পিসি (যেখানে ছিল গ্রাফিক্স কার্ড, তিনটি হার্ডডিস্কসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ) এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক মোঃ নূরনবী বলেন,প্রতিদিনের মতো রাত বারোটায় দোকান বন্ধ করে বাড়ি যাই। সকাল ছয়টায় খবর পেয়ে হতবাক হয়ে যাই। দোকানের আয়ে আমাদের সংসার চলত, হঠাৎ এমন ক্ষতিতে আমি দিশেহারা। অবাক লাগছে যে আরও দামি মালামাল থাকা সত্ত্বেও শুধু পিসি ও ল্যাপটপ নিয়ে গেছে। মনে হচ্ছে তাদের আলাদা কোনো উদ্দেশ্য ছিল।
তিনি আরও জানান, চুরি হওয়া পিসিতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল যা দিয়ে দোকান পরিচালনা করা হতো। বর্তমানে পাশের দোকানগুলোর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সনাক্তকরণের কাজ চলছে।
এ বিষয়ে স্থানীয় মুদি দোকানদার মোঃ আব্দুস সালাম বলেন,রাত দুইটার পর কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনি। ধারণা করছি তখনই চুরির ঘটনা ঘটে। আমাদের বাজারে প্রায় এক বছর ধরে নৈশ প্রহরী নেই। এর আগেও একটি দোকান চুরি হয়েছিল। নৈশ প্রহরী না থাকায় চোরেরা বারবার সুযোগ নিচ্ছে। আমরা এখন ভীষণ আতঙ্কে আছি।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ সুজাউদ্দৌলা সুজা মেম্বার জানান, সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রুত নৈশ প্রহরী নিয়োগের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।
আপনার মতামত লিখুন :