Site icon হামার কুড়িগ্রাম

নীলফামারী জলঢাকায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মোঃ ইউসুফ খাঁন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের ব্যুরো চীফ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে জলঢাকা থানার মোড়ে ‘উপজেলায় কর্মরত সকল সাংবাদিক’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ স্বাগত বক্তব্য রাখেন। আর ও উপস্থিত ছিলেন, লোকালয় বার্তা নিউজ টিভির রংপুর ব্যুরো সংবাদদাতা মোঃ ইউসুফ খাঁন, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এছাড়া সাবেক সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান মনি, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সাংবাদিক সংগঠন ও বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপরে হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না বিচার, আর এই দায়মুক্তির সংস্কৃতিরই উৎসাহ দিচ্ছে নতুন হত্যাকাণ্ডকে। তারা তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সরকারকে হুসিয়ার করেন, এই বিচার না হলে সারা দেশে সাংবাদিকেরা কঠোর কর্মসূচিতে যাবে।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরের জন্য তাগিদ দেন।

Exit mobile version