জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (PR) পদ্ধতিতে হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এই পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য।
বুধবার (১ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী উলিপুর শাখার আয়োজনে মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ এবং কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, এসব নির্যাতন সত্ত্বেও জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যায়নি। ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য ও আসন পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।

