Site icon হামার কুড়িগ্রাম

নিয়ম আছে, প্রয়োগ নেই— দৃষ্টি প্রতিবন্ধী মিতু পরিক্ষা দিছেন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কেন্দ্র নং–৩৮০)-এর ১নং হলে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ভাঙামোড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মৃধা ফারজানা মিতু (রোল: ৪২২৬৩৬)। তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে সাধারণ পরীক্ষার্থীদের মতোই পরীক্ষা দিতে হয়।
বোর্ডের নিয়ম অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়সহ বিশেষ সহায়তার ব্যবস্থা থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, এসব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন মিতু।
মিতু জানান, তিনি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী এবং সরকারি ভাতাও পান। এর আগে একবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় তিনটি বিষয়ে অকৃতকার্য হন। এবার তিনি সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দিচ্ছেন।
তার ভাষায়, “চোখে কম দেখি, তাই দ্রুত লিখতে পারি না। নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় পেলে ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম।” তিনি আরও বলেন, আবেদন করার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছে, এটি শুধু একজন শিক্ষার্থীর বিষয় নয়, বরং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রশ্ন।

Exit mobile version