Site icon হামার কুড়িগ্রাম

নিজের অজান্তে কমিটিতে নাম, ফেসবুক পোস্টে পদত্যাগ করলেন করিম হাসান

শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম

নিজের অজান্তে একটি রাজনৈতিক সংগঠনের কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. করিম হাসান নামের এক তরুণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন জাতীয় ছাত্রশক্তি, কুড়িগ্রাম পৌর শাখার একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। গত ২০ মে ২০২৬ তারিখে তিন মাস মেয়াদি ওই কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. করিম হাসানের নাম দেখা যায়।

কমিটি প্রকাশের পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে করিম হাসান দাবি করেন, সম্পূর্ণ তার অজান্তে ও অনিচ্ছাকৃতভাবে কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি বোঝেন না এবং বর্তমানে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও নেই বলে জানান।

ফেসবুক পোস্টে করিম হাসান লিখেন—

“আমি মো. করিম হাসান। আমি জানাচ্ছি যে নিচে দেওয়া পৌর ছাত্রশক্তি কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে, কোনো অজান্তে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি আমার জন্যে নয়, তাই আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না। আর আমি এই মুহূর্তে আমার নাম পদত্যাগ ঘোষণা করছি। ধন্যবাদ।”

 

তার এই আকস্মিক পদত্যাগ ও সোজাসাপ্টা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় তরুণ ও নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, কমিটি গঠনের আগে সংশ্লিষ্টদের মতামত, তথ্য যাচাই-বাছাই এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমেই দায়িত্ব প্রদান করা হয়। করিম হাসানের ক্ষেত্রেও তার অনুমতি নিয়েই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “কমিটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়। ওই পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”

Exit mobile version