নিউজ ডেস্ক অনলাইন | Hamar Kurigram
এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কুড়িগ্রাম জেলার একটি সভায় বক্তব্য দিতে গিয়ে নুর, রাশেদ, জোনায়েদ সাকীসহ কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতাদের কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠেছে। বক্তব্যে তিনি বলেন, “নুর, রাশেদ, জোনায়েদ সাকীদের ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন।”
এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অধিকার পরিষদের সভাপতি ও আইনজীবী এস.এম নুরে এরশাদ সিদ্দিকী। তিনি বলেন, “কে কাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, সেটি সময়ই বলে দেবে। গণঅধিকার পরিষদ কুড়িগ্রামের মাটিতেই এ বক্তব্যের জবাব দেবে।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের পেইড মাসোয়ারায় খেটে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং শিবিরের পাঠানো দর্শকদের সামনে বাহবা পাওয়া যেতে পারে, হয়তো সাময়িকভাবে রাজনৈতিক আলোচনায়ও থাকা যায়; কিন্তু এ ধরনের রাজনীতি দীর্ঘদিন টিকে থাকার নয়।
এস.এম নুরে এরশাদ সিদ্দিকী আরও দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় নাসিরুদ্দিন পাটোয়ারী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, জুলাইয়ে কারাবন্দী ছিলেন কিংবা আন্দোলনের উল্লেখযোগ্য কোনো প্রতিরোধে ভূমিকা রেখেছেন—এমন কিছু তিনি দেখেননি। তাঁর ভাষ্য, বরং গণঅভ্যুত্থান-পরবর্তী প্রায় দেড় বছরে ইউনূসকালীন সময়ে তারুণ্যের সম্ভাবনাময় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো নেতারা। অন্যথায় আঠারো ও চব্বিশের তরুণদের মধ্য থেকেই আজ জাতীয় সংসদ ও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নেতৃত্ব উঠে আসতে পারত।
–এস.এম নুরে এরশাদ সিদ্দিকী
সভাপতি, আইনজীবী অধিকার পরিষদ
