হামার কুড়িগ্রাম

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন

পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সুধী সমাজ ও সর্বস্তরের জনগণ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম সদরসহ রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক ও গীতিকার খ. ম. আলী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. নুরুন্নবী সরকার, মো. জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী এবং রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পূর্বনির্ধারিত নালিয়ার দোলাতেই দ্রুততম সময়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Exit mobile version