
মোঃ আবু সাঈদ ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নাগেশ্বরীসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে টানা ৭২ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি সামগ্রী।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :