মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকা-নাগেশ্বরী রুটে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নাগেশ্বরীবাসী সরাসরি ঢাকা যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে এই কোচ সার্ভিস পুনরায় চালুর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, নাগেশ্বরীর মানুষের ন্যায্য যাতায়াতের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।






