নাগেশ্বরী প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক। একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে দুইজন শিক্ষক জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসা পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
আলিম-ফাজিল-কামিল পর্যায়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদব বিভাগের প্রভাষক ড. আব্দুর রহিম মুকুল।
অন্যদিকে, ইবতেদায়ী পর্যায়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের ইবতেদায়ী শিক্ষক মোছা. আকলিমা আক্তার।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নাগেশ্বরী কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে একই প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে দুইজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাদের এ অর্জন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।
এদিকে ড. আব্দুর রহিম মুকুল ও মোছা. আকলিমা আক্তারের এ অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, দুই শিক্ষক ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
