Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীর কচাকাটায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমরমা মাটি কাটার ব্যবসা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমরমা ভাবে চলছে অবৈধ মাটি কাটার কার্যক্রম। ফসলি জমিতে মাটি না কাটার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করা হলেও কার্যত কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, একটি জমি থেকে অতিরিক্ত পরিমাণ মাটি কাটার পাশাপাশি আশপাশের চাষ করা জমির ওপর দিয়েই ট্রাক্টর ও ভেকু মেশিন ব্যবহার করে মাটি পরিবহন করা হচ্ছে। এতে ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে এবং পাশের জমির মাটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী জমির মালিকরা জানান, অনেক ক্ষেত্রেই তাদের কোনো অনুমতি না নিয়েই জোরপূর্বক জমির ওপর দিয়ে মাটি বহন করা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় সূত্র আরও জানায়, দিনের পাশাপাশি রাতের আঁধারেও অবৈধ মাটি কাটার কার্যক্রম চলে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কৃষকদের আশঙ্কা, এভাবে অবৈধভাবে মাটি কাটার ফলে ভবিষ্যতে এই এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত মনিটরিং এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Exit mobile version