Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা ও মিছিল করেছেন দলিল লেখকরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দলিল লেখক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ব্যানার নিয়ে শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন দলিল লেখকরা। এ সময় তারা ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সভায় বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একই সঙ্গে প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫০০ টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ না দেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া সরকারি খরচে থানা ও জেলা কার্যালয়ে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ, পেশাগত কারণে হয়রানি বন্ধ, অভিজ্ঞতা ছাড়া দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও তুলে ধরেন বক্তারা।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও নাগেশ্বরী দলিল লেখক সমিতির সভাপতি মো. রবিউল আলম রানা। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান।

সভা সঞ্চালনা করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সদস্য মো. সাকিল আলম। সভাপতিত্ব করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, দলিল লেখকদের পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

Exit mobile version