নাগেশ্বরী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন প্রতিমা তৈরির স্থান পরিদর্শন করেছে পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ কর্মকর্তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে এসব স্থান পরিদর্শন করা হয়।
এ সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, ইন্সপেক্টর (তদন্ত), নাগেশ্বরী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানা এলাকায় এবার চারটি স্থানে প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ে ১২টি, গাগলা বাজারে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশীতে ২৫টি এবং ডাকনিরপার, ভিতরবন্দে ৯টি প্রতিমা তৈরির কাজ চলছে। এসব প্রতিমা উপজেলার মোট ৬৩টি পূজামণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য হুমকি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় প্রতিমা তৈরির স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তায়—কুড়িগ্রাম জেলা পুলিশ।
