হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের পেছনে অর্থ লেনদেন ও অনিয়ম হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে অংশগ্রহণকারীরা সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং নিয়োগ বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনের শিকার হওয়ার কথা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের নিয়োগ তাঁরা মেনে নেবেন না বলেও জানান।

বক্তাদের দাবি, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলার রয়েছেন। এর মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্ট বলে তাঁদের অভিযোগ। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও সমাবেশে অভিযোগ তোলা হয়।

বক্তারা নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে কথিত অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিয়োগ বাতিলের দাবি জানান। তবে সমাবেশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Exit mobile version