নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. রাশেদুল ইসলাম রাজু (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাজু নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালাটারী গ্রামের মো. দুলু মিয়ার ছেলে। তিনি নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বাবা দুলু মিয়া ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
