
মাইদুল ইসলাম মামুন
রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, দপ্তর সম্পাদক মো. সুজন মিয়াসহ আরও অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন,
রাষ্ট্র সংস্কার আন্দোলন হয়তো এখনো খুব জনপ্রিয় রাজনৈতিক দল নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি দেশের সবচেয়ে প্রাসঙ্গিক, বাস্তববাদী এবং প্রয়োজনীয় রাজনীতির প্রতিনিধিত্ব করছে। আগে সংস্কার শব্দটি শুনলেই মুখ ফিরিয়ে নেওয়া রাজনীতিকরাই আজ প্রকাশ্যে এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিচ্ছেন। দেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে সংস্কারকেন্দ্রিক আলোচনার মধ্যেই। এটাই রাষ্ট্র সংস্কার আন্দোলনের বড় সাফল্য।
উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া বলেন,আজকের এই দিনে আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই, এক রক্তক্ষয়ী এবং হার না মানা আন্দোলনের মাধ্যমে আমরা ‘হাসিনাশাহী’ শাসনের অবসান ঘটিয়েছি। ১৯৭১ সালের পর এই দেশের সবচেয়ে বড় বিজয় এটি। এই অর্জন ধরে রাখার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। তবে এখনো অনেকেই ফ্যাসিবাদী আচরণ করছে। তাদের প্রতিহত করতে আমাদের ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে সামনে রেখে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন,গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের প্রধান দায়িত্ব ছিল জনগণের জীবনমান উন্নয়ন। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতা আমাদের হতাশ করেছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রতিটি নাগরিক যেন সুশাসনের ছায়ায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :