নিউজ ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নের এক বিএডিসি অনুমোদিত সার ডিলারের বিরুদ্ধে রাতের আঁধারে সার সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় মাস্টারমোড় এলাকা থেকে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএডিসি ডিলার মোছা হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ডিএপি সার একটি নছিমন গাড়িতে করে অন্যত্র পরিবহন করা হচ্ছিল। মাস্টারমোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটির সন্দেহজনক গতিবিধি দেখে সেটি থামান। চালক পরিবহনের কারণ ব্যাখ্যা করতে না পারায় স্থানীয়রা গাড়ি আটক রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ এসে সারসহ নছিমনটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, এলাকায় নিয়মিত সার সংকট দেখা দেয় এবং সরবরাহ পাওয়া যায় না, বা অতিরিক্ত দামে কিনতে হয়। “এ ধরনের গোপন পরিবহন অভিযোগ আগেও ডিলারের বিরুদ্ধে উঠেছিল,” বলেন কৃষকরা।
নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম জানান, “এসিল্যান্ড ও ওসির নির্দেশে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।” এসময় হালিমা খাতুন গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে পাঠানো হচ্ছিল। “পরে জনতা গাড়ি আটকে দেয়। শনিবার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ বলেন, “সারসহ নছিমন গাড়ি জব্দ করা হয়েছে। বর্তমানে এগুলো পুলিশ হেফাজতে রয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

