নাগেশ্বরীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন /
নাগেশ্বরীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ

মোঃআবু সাঈদ ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি নিজ হাতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সমাজের অসহায় ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা শিক্ষার্থীদের ইফতারে কিছুটা হলেও উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা বলেন, সরকারি অনুদান যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেজুর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসে অসহায় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।