হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে মাদকাসক্ত যুবকের তাণ্ডব: নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে এলাকায় আতঙ্ক

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারি গ্রামে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তার তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ তার কাছে যেতে সাহস পাননি। এমনকি তার স্ত্রী, মা ও বোনও কাছে যেতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম, মৃত আনোয়ার বিডিআরের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দারা জানান, শামীম হঠাৎ করেই নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর পর তিনি দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, “মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Exit mobile version