নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত রুবেল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ভোলা মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাতভর খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট সংলগ্ন কাশিরভিটা এলাকায় রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি রুবেলের বলে শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের টেনাস মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে এটি স্থানীয়দের ধারণা মাত্র। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।






