নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার, যুবকের এক বছরের কারাদণ্ড


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন /
নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার, যুবকের এক বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে পাখি শিকার করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় তিনি বন্দুক দিয়ে ৮টি ঘুঘু পাখি শিকার করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৬/১১ ধারা ভঙ্গ এবং একই আইনের ২৬(১)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং শিকার করা পাখিগুলো মাটিতে পুঁতে রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।