হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

রাহীমুল ইসলাম সজীব

গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়নারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত আরাজি কুমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ভারতের চিকিৎসক ডা. পারমিতা চক্রবর্তী। তিনি মেডিসিন, গাইনি, মা ও শিশু স্বাস্থ্য এবং নাক-কান-গলা সংক্রান্ত রোগীদের পরামর্শ দেন। এছাড়া রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রানা আর্য জয় মেডিসিন, চর্ম ও যৌনরোগ এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্প শেষে আয়োজক মিল্লাত হোসেন বলেন, “এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মানুষ অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

তিনি জানান, নাগেশ্বরী থানার অনুমতি নিয়েই ক্যাম্প পরিচালনা করা হয়েছে এবং পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা আরাজি কুমরপুর গ্রামের বাসিন্দা করিম মিয়া বলেন, “অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখানো সম্ভব হয় না। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হয়েছে।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

Exit mobile version