Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে দুধকুমোর নদীতে স্রোতে ভেসে নিখোঁজ ধান ব্যবসায়ী মনসুর আলী

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় দুধকুমার নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন মনসুর আলী (৩৮) নামের এক ধান ব্যবসায়ী। তিনি উপজেলার খামার নকুলা গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভারত থেকে ভেসে আসা কাঠ ও গাছের গুঁড়ি সংগ্রহ করতে নদীতে নামেন মনসুর আলী। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানির নিচে তলিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী।

 

ঘটনার পর থেকে নদীর তীরে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে। প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

উল্লেখ্য, সাম্প্রতিক উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ সংগ্রহ করতে গিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

Exit mobile version