
ডেস্ক নিউজ
ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী একটি যাত্রীবাহী বাসে দুই যাত্রীর নগদ ৬১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে।
ভুক্তভোগী যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ওই বাসে ওঠেন দুই যাত্রী। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সুযোগে তাদের কাছে থাকা নগদ ৬১ হাজার টাকা লুট করা হয়। পরে ঘুম থেকে জেগে তারা দেখতে পান তাদের সঙ্গে থাকা টাকা গায়েব হয়ে গেছে।
ভুক্তভোগীদের দাবি, বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এই চুরির ঘটনা ঘটেছে। তাদের অভিযোগের তীর বাসের হেলপার ও সুপারভাইজারের দিকে। ভুক্তভোগী যাত্রীরা জানান, বাস কর্মচারীদের যোগসাজশ বা সম্পৃক্ততা ছাড়া এভাবে টাকা খোয়া যাওয়া সম্ভব নয়।
বাসটি নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ এলাকায় পৌঁছালে ঘটনাটি জানাজানি হয়। পরে উত্তেজিত এলাকাবাসী ও যাত্রীদের স্বজনরা বাসটির গতিরোধ করে সেটিকে আটকে দেয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :