নাগেশ্বরী প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিদ্যমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ এবং ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচেতন গ্রাহক ফোরাম, নাগেশ্বরী উপজেলা শাখা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নাগেশ্বরী শাখা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সাধারণ আমানতকারী, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের আমানতের সুরক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নাগেশ্বরী শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান মিয়া বলেন, “প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্বাভাবিক লেনদেন পরিস্থিতি ফিরিয়ে আনতে অভিজ্ঞ, দক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি পরিহার করে গ্রাহকদের কষ্টার্জিত আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
