
নিউজ ডেস্ক
বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায়, বাদ মাগরিব, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহাসিকভাবে এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সমাজে এ সময় মানুষ যুদ্ধ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে ইবাদত ও বিশ্রামে সময় কাটাত।
রজব মাস মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রজব মাসের ২৬ তারিখের রাতটি পবিত্র শবে মেরাজ হিসেবে পরিচিত। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে নিয়ে আসেন।
আপনার মতামত লিখুন :