Site icon হামার কুড়িগ্রাম

দুর্ঘটনায় পা হারানো সেলিমের পাশে ‘আমরাও মানুষ’ ভূরুঙ্গামারী গ্রুপ

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

“একটু হাসি ফুটানোর চেষ্টায় আমরা”—এই মানবিক স্লোগান নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে ‘আমরাও মানুষ’ ভূরুঙ্গামারী ফেসবুক গ্রুপ। দুঃস্থ মানুষের বিপদে-আপদে সহযোগিতার ধারাবাহিকতায় এবার সাহায্য পেলেন ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের মুসুল্লী পাড়ার যুবক সেলিম বাবু (২২)।

গত ১৯ নভেম্বর বুধবার, ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম মহাসড়কের জয়মনিরহাট এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম। ভয়াবহ দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে থেতলে যায়। ভূরুঙ্গামারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম ও রংপুর হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।

পরবর্তীতে ক্ষতস্থানে নতুন করে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা জানান—হাঁটুর উপরের অংশ পর্যন্ত আরও একটি বড় অপারেশন করতে হবে। কিন্তু দারিদ্র্যপীড়িত পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসা ব্যাহত হয়ে যাওয়ার উপক্রম হলে সেলিমের পরিবার ‘আমরাও মানুষ’ ভূরুঙ্গামারী গ্রুপের কাছে সহযোগিতা চান।

এরই প্রেক্ষিতে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গ্রুপের পক্ষ থেকে আবু সুফিয়ান পারভেজ সেলিম বাবুর পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।

গ্রুপের পক্ষ থেকে মোঃ রিয়াদ মণ্ডল বলেন, “২০১৮ সাল থেকে ‘আমরাও মানুষ’ ভূরুঙ্গামারী গ্রুপ নিরলসভাবে গরিব–অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এটি আমাদের ৫৬তম সহযোগিতা। গ্রুপের সমস্ত অর্থায়নই আসে সদস্যদের নিজস্ব অবদান থেকে। আমরা নিয়মিত মানবিক উদ্যোগ নিয়ে থাকি এবং অন্যদেরও উৎসাহ দিই নিজেদের অবস্থান থেকে মানবিক কাজে যুক্ত হতে। প্রত্যেকে যদি ছোট ছোট উদ্যোগ নেয়, তবে আরও অনেক মানুষের মুখে হাসি ফুটবে।”

তিনি আরও বলেন, “একটি হাসি ফোটানোর চেষ্টায় আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ।”

Exit mobile version