ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে দুধকুমার নদে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ। অভিযানে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে সরকার ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মা ইলিশ রক্ষায় দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারীর দুধকুমার নদেও এ অভিযান চালানো হয়।
রাতভর অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার অবৈধ চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়। পাশাপাশি আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকার এবং জলজ জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, দুধকুমার নদটি সরু ও চরবেষ্টিত হওয়ায় দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
